মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
আমতলীতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
হোম » বরগুনা » আমতলীতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামে এক অবসরপ্রাপ্ত উপ-কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আব্দুল মতি মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় ১৯ ভরি স্বর্ণালংকার ও ৪০ হাজার টাকা লুট হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে ৮-১০ জনের মুখোশধারী ডাকাতদল ডা. আব্দুল মতি মিয়ার ঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা তার ছোট ভাই আব্দুস সালামকে বেঁধে ফেলে তারা। পরে ঘরের আলমিরা ভেঙে ভেতরে থাকা মালামাল তছনছ করে আলমিরায় রাখা ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়।
বাড়ির মালিক ডা. আব্দুল মতি মিয়া বলেন, ‘মুখোশধারী ৮-১০ জনের ডাকাতদল জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। তারা আমার আলমিরায় থাকা ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করেছে। এ ঘটনায় আমি মামলা করবো।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৬:৫৭:০০ ● ৩৩ বার পঠিত
