সোমবার ● ৮ জুন ২০২৬
আমতলীতে বিদ্যালয়ের বই ও আসবাবপত্র পুড়িয়ে ফেলার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
হোম » লিড নিউজ » আমতলীতে বিদ্যালয়ের বই ও আসবাবপত্র পুড়িয়ে ফেলার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম কবিরের বিরুদ্ধে বিদ্যালয়ের পুরোনো বই ও আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রশাসন ও ব্যবস্থাপনা কমিটির অনুমতি ছাড়াই তিনি বিদ্যালয়ের একটি ভবনে সংরক্ষিত প্রায় ২০ বছরের পুরোনো ও নতুন বইসহ কিছু আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। এতে পুরো এলাকায় ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক অনেক নতুন ও পুরোনো বই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। এতে পুরো স্কুল এলাকায় ধোঁয়ায় ভরে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, কাউকে কিছু না জানিয়ে প্রধান শিক্ষক বই পুড়িয়ে দিয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় আলামত নষ্ট করতেই এই কাজ করা হয়েছে বলে আমরা মনে করি।
এদিকে অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক মো. শাহ আলম কবিরের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা চলমান রয়েছে। অভিযোগকারীদের দাবি, ওই দুর্নীতির আলামত আড়াল করতেই বই ও আসবাবপত্র পুড়িয়ে ফেলা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মো. শাহ আলম কবির বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কিছু পুরোনো বই ও আসবাবপত্র পুড়িয়ে ফেলেছি, কোনো নতুন বই পোড়ানো হয়নি।
বিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছিল কি না- এ প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মো. গোলাম মাহমুদ সেলিম বলেন, বই পুড়িয়ে ফেলার বিষয়ে প্রধান শিক্ষক আমাকে বা শিক্ষা অফিসারকে অবহিত করেননি।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:১৯:২৬ ● ৩৫ বার পঠিত
