সোমবার ● ৮ জুন ২০২৬

গৌরনদীতে প্রায় ৫ একর ভিপি জমি দখলমুক্ত ও চিহ্নিত, লাল পতাকা স্থাপন

হোম » বরিশাল » গৌরনদীতে প্রায় ৫ একর ভিপি জমি দখলমুক্ত ও চিহ্নিত, লাল পতাকা স্থাপন
সোমবার ● ৮ জুন ২০২৬


 

গৌরনদীতে প্রায় ৫ একর ভিপি জমি দখলমুক্ত ও চিহ্নিত, লাল পতাকা স্থাপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে সরকারি ভিপি (Vested Property) জমি উদ্ধার ও চিহ্নিতকরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসকের নির্দেশনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীমের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

সোমবার (০৮ জুন) ফিল্ড পরিদর্শনের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মাহিলাড়া মৌজায় অবস্থিত ঐতিহ্যবাহী মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর ভিপি জমি লিজ ব্যতীত অবৈধ দখলমুক্ত করেন। পরে তিনি জমিটি লাল পতাকা দিয়ে চিহ্নিত করেন এবং সরকারি মালিকানা নির্দেশ করে জেলা প্রশাসক, বরিশালের পক্ষে একটি ব্যানার স্থাপন করা হয়।

 

প্রশাসন জানায়, উদ্ধারকৃত জমিটি আপাতত জনসাধারণের তত্ত্বাবধান ও ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে। পরবর্তীতে সরকারি বিধি-বিধান অনুসরণ করে জমিটি লিজ প্রদান এবং বকেয়া আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাহিলাড়া মঠ সংলগ্ন এলাকায় জনসাধারণের বিনোদন সুবিধা বাড়াতে ছোট নৌকা পরিচালনার সম্ভাব্যতা ও যৌক্তিকতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব উপস্থাপন করা হবে।

 

প্রশাসন আরও সতর্ক করে জানায়, ভবিষ্যতে কেউ ব্যক্তিগত স্বার্থে সরকারি জমি অবৈধভাবে দখল বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, যেখানে জেল ও জরিমানার বিধান রয়েছে।

 

অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো খলিলুর রহমান, মাহিলাড়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এবং গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪৯ ● ৪৯ বার পঠিত