সোমবার ● ৮ জুন ২০২৬

বরগুনায় স্থায়ী স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হোম » বরগুনা » বরগুনায় স্থায়ী স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সোমবার ● ৮ জুন ২০২৬


 

বরগুনায় স্থায়ী স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় স্বাস্থ্যখাতে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্থায়ী স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৮ জুন) সকালে বরগুনার জাগোনারী প্রশিক্ষণ পাঠশালা ও গবেষণা কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলা ও যুব স্বাস্থ্য অধিকার ফোরামের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

 

আয়োজকদের তথ্যমতে, স্বাস্থ্যখাতে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি, সুশাসন নিশ্চিতকরণ এবং অধিকারভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশ হেলথ ওয়াচ, সহযোগিতায় ছিল জাগোনারী এবং সুইডেন সরকার।

 

কর্মশালায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বাস্থ্য অধিকার বাস্তবায়নে নাগরিক ভূমিকা, স্বাস্থ্য ব্যবস্থাপনায় জবাবদিহিতা এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ফোরাম গঠনের গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া গ্রুপ আলোচনা, মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করা হয়।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন মনির হোসেন কামাল। তিনি বলেন, স্বাস্থ্য কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। কিন্তু দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, জবাবদিহিতার অভাব এবং উচ্চ চিকিৎসা ব্যয়ের কারণে সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছে। তাই জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি অধিকারভিত্তিক ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা জরুরি।

 

হোসনে আরা হাসি বলেন, কর্মশালায় স্বাস্থ্যসেবা প্রাপ্তির প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দূরীকরণ, নাগরিক সচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকারভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি গ্রুপ আলোচনা ও কর্মপরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ করা হয়।

 

অংশগ্রহণকারীরা দেশের স্বাস্থ্যখাত সংস্কারে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে ছিল- জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, ই-হেলথ কার্ড চালু, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, জেলা পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা উন্নয়ন।

 

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রাজেশ কুমার অধিকারী, মোফাখখার মোরশেদ খান, মোরশেদ খান চৌধুরী, শিফাত আরা ইসলাম মীম এবং হাসানুর রহমান ঝন্টু।

 

আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে গঠিত স্বাস্থ্য অধিকার ফোরামগুলো স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যা ও দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে জবাবদিহিতা, সুশাসন ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে টেকসই ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:০১ ● ৫০ বার পঠিত