রবিবার ● ৭ জুন ২০২৬
পারমাণবিক নিরস্ত্রীকরণ ‘সেকেলে স্বপ্ন’, অস্ত্রভাণ্ডার আরও বাড়াবে উত্তর কোরিয়া
হোম » বিশ্ব » পারমাণবিক নিরস্ত্রীকরণ ‘সেকেলে স্বপ্ন’, অস্ত্রভাণ্ডার আরও বাড়াবে উত্তর কোরিয়া

সাগরকন্যা ডেস্ক
উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের মার্কিন আহ্বানকে ‘সেকেলে স্বপ্ন’ বলে উড়িয়ে দিয়েছেন দেশটির নেতা কিম জং উনের বোন ও জ্যেষ্ঠ কর্মকর্তা কিম ইয়ো জং। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন হুমকির মুখে পিয়ংইয়ং তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরও সম্প্রসারণ করবে।
রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে কিম ইয়ো জং দাবি করেন, উত্তর কোরিয়ার পারমাণবিক রাষ্ট্র হিসেবে মর্যাদা ক্ষুণ্ন করার কোনো আইনগত ভিত্তি নেই। তিনি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও শি জিন পিং এর বৈঠকের পর প্রকাশিত উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ঘোষণাকেও ‘মিথ্যা তথ্য’ বলে আখ্যা দেন।
এদিকে সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিন পিং। সফরে তিনি কিম জং উনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন।
বিশ্লেষকদের মতে, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনই এখন উত্তর কোরিয়ার প্রধান লক্ষ্য। একই সঙ্গে দেশটি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা দ্রুত বাড়ানোর কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সম্প্রতি কিম জং উন দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা আড়াই গুণ বাড়ানোরও নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০:২৩:৪২ ● ১৭ বার পঠিত
