রবিবার ● ৭ জুন ২০২৬

কলাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
রবিবার ● ৭ জুন ২০২৬


 

কলাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।

 

কর্মশালায় পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিষয়ভিত্তিক আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়নাধীন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়কারী রাশেদ খান।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী ইয়াসমিন। বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন সিপিপির সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজর মো. মনিরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার এবং কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ।

 

বক্তারা বলেন, গ্রাম আদালতে যেভাবে কার্যক্রম পরিচালিত হওয়ার কথা, বাস্তবে অনেক ক্ষেত্রে তা হচ্ছে না। জনপ্রতিনিধিরা দায়িত্ব এড়িয়ে যাওয়ায় মধ্যস্বার্থভোগী চক্র সালিশ বাণিজ্যের সুযোগ পাচ্ছে। ফলে গ্রামীণ পর্যায়ের বিচার্য বিষয়গুলো যথাযথভাবে নিষ্পত্তি না হওয়ায় সাধারণ মানুষ প্রত্যাশিত আইনি প্রতিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

 

কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে লিখিত সুপারিশ উপস্থাপন করেন এবং গ্রাম আদালতকে কার্যকর ও সক্রিয় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:২৭ ● ৩৬ বার পঠিত