রবিবার ● ৭ জুন ২০২৬

তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, আহত হলেন বাবা

হোম » বরগুনা » তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, আহত হলেন বাবা
রবিবার ● ৭ জুন ২০২৬


 

এটি প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার তালতলী উপজেলার আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা নদীতে বজ্রপাতে এক জেলে নিহত ও তার বাবা আহত হয়েছেন। রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া গ্রামের লোকমান ফরাজী (৫০) এবং তার ছেলে অলিউল্লাহ ফরাজী (২১) সকালে বরশি দিয়ে মাছ ধরতে পায়রা নদীতে যান। তারা আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে ট্রলার নিয়ে মাছ ধরছিলেন। সকাল ১০টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তাদের ট্রলারের পাশে নদীতে আঘাত হানে। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন। আহত অবস্থায় অলিউল্লাহর নাক ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

 

পরে লোকমান ফরাজী ট্রলার চালিয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. পপি হালদার অলিউল্লাহ ফরাজীকে মৃত ঘোষণা করেন। আহত লোকমান ফরাজীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

নিহত অলিউল্লাহ ফরাজীর চাচা বেল্লাল ফরাজী বলেন, বাবা ও ছেলে বরশি দিয়ে পায়রা নদীতে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ বজ্রপাত ট্রলারের পাশে আঘাত হানে। এতে দুজনই আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক অলিউল্লাহকে মৃত ঘোষণা করেন।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি হালদার বলেন, হাসপাতালে আনার আগেই অলিউল্লাহ ফরাজীর মৃত্যু হয়। তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতের বিষয়টি তারা জেনেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪১:১৯ ● ২৫ বার পঠিত