রবিবার ● ৭ জুন ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮
হোম » লিড নিউজ » পটুয়াখালীর কলাপাড়ায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী একটি অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং শঙ্কাজনক অবস্থায় ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে কলাপাড়া উপজেলার আন্ধারমানিক ব্রিজের কলাপাড়া পৌর এলাকা অংশে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হারুন গাজী (৪৫)। তিনি কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে।
গুরুতর আহতরা হলেন- আব্দুল খালেক (৪০), কাসেম মোল্লা (৩৫), বুলবুল (২৬), রাকিবুল (২৮), শফিকুল ইসলাম (৩০), মিজানুর রহমান, রাহাত (২১) ও সাকিল (২৫)। আহতদের মধ্যে সাকিলকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ৮ জনকে বরিশালে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৪) বাসটি আন্ধারমানিক ব্রিজের সংযোগ সড়কে পৌঁছালে পাখিমারা থেকে কলাপাড়াগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ সব যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা ও বরিশালে রেফার প্রক্রিয়ায় সহায়তার জন্য ঘটনাস্থলে ছুটে যান কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
বরিশালে নেওয়ার পথে বাকেরগঞ্জ এলাকায় পৌঁছালে গুরুতর আহত হারুন গাজীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:১৬:২৩ ● ৩৩ বার পঠিত
