শনিবার ● ৬ জুন ২০২৬
দুমকিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নারী নিহত
হোম » লিড নিউজ » দুমকিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলার লালখা ব্রিজ সংলগ্ন সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম মাশরুফা খানম জান্নাতি (২৩)। শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে এবং চালক মো. জাফর হোসেন (২৮)-কে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্টো ট-২৪-০৮৬৪) সামনে থাকা একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী মাশরুফা খানম জান্নাতি ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহত মাশরুফা খানম জান্নাতির বাড়ি বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকায়। তিনি স্বামী কামাল হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন বলে জানা গেছে। নিহতের মরদেহ দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮:২৫:০৫ ● ৪৫ বার পঠিত
