শুক্রবার ● ৫ জুন ২০২৬

রাঙ্গাবালীতে সেই শ্রমিক দল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

হোম » রাজনীতি » রাঙ্গাবালীতে সেই শ্রমিক দল নেতাকে কারণ দর্শানোর নোটিশ
শুক্রবার ● ৫ জুন ২০২৬


 

রাঙ্গাবালীতে সেই শ্রমিক দল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

 

একের পর এক অভিযোগের প্রেক্ষাপটে শ্রমিক দলের পটুয়াখালী জেলা কমিটি এবার রাঙ্গাবালী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আলম মুন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

 

জেলা শ্রমিক দলের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম শিপন শুক্রবার বিকেলে নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।

 

বৃহস্পতিবার স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, ফিরোজ আলম মুন্সির বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহিদুর রহমান খান বাবু এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নজরে এসেছে। এসব অভিযোগ সংগঠনের জন্য অপ্রত্যাশিত ও বিব্রতকর বলেও উল্লেখ করা হয়।

 

নোটিশে আরও বলা হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়- এমন কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী দুই দিনের মধ্যে জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, সম্প্রতি ফিরোজ আলম মুন্সির বিরুদ্ধে সালিশ বাণিজ্য, চাঁদা দাবি, এক ইউপি সদস্যকে হুমকি প্রদান এবং ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক অডিও এবং ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সর্বশেষ ইউপি সদস্যকে হুমকির অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গাবালী থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৮:০০ ● ১৮ বার পঠিত