শুক্রবার ● ৫ জুন ২০২৬

ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন

হোম » ঝালকাঠী » ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
শুক্রবার ● ৫ জুন ২০২৬


 

ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝালকাঠি শহরের লিচুবাগানে মানববৃক্ষ তৈরি করেছে ঝালকাঠি গাছপালা-নদীনালা রক্ষা আন্দোলন। শুক্রবার দুপুরে সংগঠনটির উদ্যোগে জেলার পরিবেশপ্রেমী নাগরিকদের অংশগ্রহণে হাতে হাত মিলিয়ে একটি বৃক্ষের আদলে মানববৃক্ষ তৈরি করা হয়।

 

এ সময় মানববৃক্ষ কর্মসূচি থেকে লিচুবাগানের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানানো হয়। বক্তারা বলেন, ঝালকাঠি শহরের ‘ফুসফুস’খ্যাত লিচুবাগান এলাকার জমি দুটি কলেজের নামে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে সেখানে আগের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

 

কর্মসূচিতে পরিবেশবাদীরা ‘এক দফা, এক দাবি- দুই কলেজ সরে যাবি’ এবং ‘আমরা চাই, আমরা চাই- লিচুবাগান ফিরে চাই’ স্লোগান দেন।

 

গাছ লাগানোর উপযোগী সময় না হওয়ায় একটি লিচুগাছকে প্রতীকীভাবে দাঁড় করিয়ে শিগগিরই পরিকল্পিতভাবে লিচুসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণের ঘোষণা দেওয়া হয়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালকাঠি গাছপালা-নদীনালা রক্ষা আন্দোলনের উপদেষ্টা মল্লিক মোহাম্মদ নাসির উদ্দীন কবির, ইলিয়াস সিকদার ফরহাদ, সাকিনা আলম লীজা ও ফাইয়াজ ইফতেখার রনি; সহসভাপতি আজমীর হোসেন তালুকদার, আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজ ও মুনশি রেজাউল হক আজিম; নির্বাহী সদস্য শফিউল আজম টুটুলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রায় ৫০ জন সদস্য।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকিরুল হক সরকার।

 

ঝালকাঠি গাছপালা-নদীনালা রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ইসমাঈল মুসাফির বলেন, সারাদেশে সবুজ বেষ্টনীর দিক থেকে ঝালকাঠি জেলা অন্যতম। এ অবস্থান ধরে রাখতে হবে। পরিবেশের বিরুদ্ধে আসা যেকোনো উদ্যোগ সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৭:২১ ● ১১ বার পঠিত