ফুফাতো বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল মামাতো বোনের

হোম » পটুয়াখালী » ফুফাতো বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল মামাতো বোনের
শুক্রবার ● ৫ জুন ২০২৬


 

এটি প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে পানিতে পড়ে যাওয়া ফুফাতো বোনকে উদ্ধার করতে গিয়ে সুরাইয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের জুগির হাওলা সংলগ্ন কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সুরাইয়া ওই এলাকার অনিক কাজীর মেয়ে। জীবিত উদ্ধার হওয়া শিশু হুমায়রা (৪) উপজেলার হাপুয়াখালী গ্রামের রাকিব হাওলাদারের মেয়ে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, সুরাইয়ার চাচার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হুমায়রা তার বাবা-মায়ের সঙ্গে মামাতো বোনের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকেল থেকে দুই বোন বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল।

 

পরিবারের সদস্যদের ধারণা, খেলাধুলার একপর্যায়ে হুমায়রা পুকুরে পড়ে যায়। বিষয়টি দেখে সুরাইয়া তাকে উদ্ধার করতে পানিতে নামে। পরে সে হুমায়রাকে পুকুরপাড়ে তুলতে সক্ষম হলেও নিজে পানিতে তলিয়ে যায়।

 

এদিকে হুমায়রাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে পুকুরপাড়ে ভেজা কাপড়ে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।

 

হুমায়রাকে উদ্ধারের পর সুরাইয়াকে দেখতে না পেয়ে স্বজনরা পুনরায় খোঁজ শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে একই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আল আমিন বলেন, হুমায়রা সুস্থ আছে। তার কোনো সমস্যা নেই। তবে তার মামাতো বোন সুরাইয়াকে মৃত অবস্থায় আমাদের কাছে আনা হয়েছে।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:১১:১৭ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ