বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬

গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

হোম » বরিশাল » গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬


 

গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর এলাকায় এক ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ও তা দিতে অস্বীকৃতি জানানোয় হামলার ঘটনায় ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

ভুক্তভোগী সূত্রে জানা যায়, টরকী বন্দরের ব্যবসায়ী শিশির রাহা ও নুর ইসলাম গাজীর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স জনতা এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। তারা স্থানীয় দোকানঘরের মালিক শফিকুর রহমান রেজাউল সিকদারের কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। চুক্তি অনুযায়ী তারা ১০ লাখ টাকা অগ্রিম এবং মাসিক ১০ হাজার টাকা ভাড়া পরিশোধ করে আসছেন।

 

অভিযোগে জানা যায়, গত ৩ জুন (বুধবার) রাত আনুমানিক ৮টার দিকে দোকানঘরের মালিক শফিকুর রহমান রেজাউল সিকদার প্রতিষ্ঠানে গিয়ে পূর্ব আলোচনা ছাড়াই ১৫ লাখ টাকা দাবি করেন। ভুক্তভোগীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ব্যবসায়ী শিশির রাহার ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় শিশির রাহাকে রক্ষা করতে এগিয়ে গেলে ব্যবসায়ী নুর ইসলাম গাজী, তার ছেলে এবং শিশির রাহার ছেলেকেও মারধর করা হয় বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।

 

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুন) সকালে টরকী বন্দর বণিক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে ব্যবসায়ীর ওপর হামলা ও চাঁদা দাবির ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

 

সকাল ১০টায় বণিক সমিতির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচি চলাকালে জরুরি জনসেবামূলক প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

 

প্রতিবাদ সমাবেশে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

 

এ বিষয়ে অভিযুক্ত শফিকুর রহমান রেজাউল সিকদারের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং বাসভবনেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:২২:১৮ ● ৩০ বার পঠিত