বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬
কাউখালীতে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু
হোম » পিরোজপুর » কাউখালীতে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট বিড়ালজুড়ি গ্রামে জমির ফসল নষ্ট হওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে আহত মোবাশ্বের হাওলাদার (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মোবাশ্বের হাওলাদার ছোট বিড়ালজুড়ি গ্রামের বাসিন্দা এবং নজেব আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে বিকেলে মোবাশ্বের হাওলাদারের জমির বেড়া ভেঙে একটি ছাগল প্রবেশ করে ফসলের ক্ষতি করে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাগলের মালিক রসুল হাওলাদারের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। স্বজনদের অভিযোগ, এ সময় রসুল হাওলাদার লাঠি দিয়ে মোবাশ্বের হাওলাদারকে মারধর করেন।
মোবাশ্বের হাওলাদারের চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত পক্ষ তাদেরও হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষের সময় বাঁশের লাঠির আঘাতে মোবাশ্বের হাওলাদার গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা জানান, প্রতিবেশীদের মধ্যে বিরোধের জেরে আহত মোবাশ্বের হাওলাদার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১:৫৮:৪১ ● ৬৭ বার পঠিত
