বুধবার ● ৩ জুন ২০২৬
বাংলাদেশি যুবককে বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে মালয়েশিয়ান তরুণী
হোম » আলোচিত খবর » বাংলাদেশি যুবককে বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে মালয়েশিয়ান তরুণী

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
মালয়েশিয়ায় বসবাসরত বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের বাসিন্দা সোহেল খলিফাকে বিয়ের দুই বছর পর প্রথমবারের মতো স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে এসেছেন মালয়েশিয়ান তরুণী নুর হিদায়া নুর হিশাম। এ উপলক্ষে মঙ্গলবার রাতে গায়ে হলুদ শেষে বুধবার (৩ জুন) দুপুরে সোহেলের গ্রামের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। এ সময় নবদম্পতিকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন, আমন্ত্রিত অতিথি ও গ্রামবাসী।
পরিবারের সদস্যরা জানান, সোহেল খলিফা ২০১১ সালে চাকরির উদ্দেশ্যে মালয়েশিয়া যান। পরে সেখানে ব্যবসা শুরু করেন। ২০২৪ সালে মালয়েশিয়ার নাগরিক নুর হিদায়া নুর হিশামকে বিয়ে করেন তিনি। বিয়ের পর এতদিন তারা মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন। সম্প্রতি কোরবানির ঈদ উপলক্ষে স্ত্রীকে নিয়ে দেশে আসেন সোহেল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পরিবারের সদস্যরা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
সোহেল খলিফা বলেন, আমি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার দামানছাড়া এলাকায় ব্যবসা করছি। ২০২২ সালে মালয়েশিয়ার ভানতিং এলাকার তরুণী নুর হিদায়া নুর হিশামের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০২৪ সালে দুই পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় আমাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর দেশে আসা হয়নি। আমার স্ত্রী বাংলাদেশে এসে শ্বশুরবাড়ি দেখতে এবং গ্রামের মানুষের সঙ্গে মিশতে আগ্রহ প্রকাশ করায় দুই সপ্তাহের জন্য তাকে নিয়ে দেশে এসেছি। এতে দুই পরিবারই আনন্দিত।
তিনি আরও বলেন, বাংলাদেশে এসে স্ত্রী আমার মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে মিশে খুব আনন্দ পেয়েছে। সে এখন অল্প বাংলা বলতে পারে। এমনকি বাংলাদেশের জাতীয় সংগীতও গাইতে পারে। গ্রামের মানুষের সঙ্গে বাংলায় কথা বলারও চেষ্টা করছে। তাকে নিয়ে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকত ভ্রমণ শেষে আমরা আবার মালয়েশিয়ায় ফিরে যাব।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, লোকমুখে জানতে পেরেছি মালয়েশিয়া থেকে এক তরুণী তার স্বামীর সঙ্গে নাঠৈ গ্রামে এসেছেন। তাকে দেখতে অনেক মানুষ ভিড় করছেন। তাদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সেদিকে আমরা নজর রাখছি।
বাংলাদেশ সময়: ২২:০৪:৩২ ● ৩৩ বার পঠিত
