আমতলীতে বিরোধীয় জমি নিয়ে সংঘর্ষে আহত ১১, গুরুতর ৩ জনকে বরিশালে প্রেরণ

হোম » বরগুনা » আমতলীতে বিরোধীয় জমি নিয়ে সংঘর্ষে আহত ১১, গুরুতর ৩ জনকে বরিশালে প্রেরণ
বুধবার ● ৩ জুন ২০২৬


 

আমতলীতে বিরোধীয় জমি নিয়ে সংঘর্ষে আহত ১১, গুরুতর ৩ জনকে বরিশালে প্রেরণ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামে বিরোধীয় ৩৩ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে জহিরুল মৃধা, মাহতাব গাজী ও সোনিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার বেলা ১১টার দিকে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ রাওঘা গ্রামের জহিরুল মৃধার সঙ্গে তার ছোট চাচা খলিল মৃধার ৩৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত ৩১ মে জহিরুল মৃধা আমতলী থানায় লিখিত অভিযোগ করেন। বুধবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে শালিস বৈঠক বসে। তবে কোনো সমাধান না হওয়ায় বৈঠক ভেঙে যায়। পরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

 

এতে জহিরুল মৃধা, মাহতাব গাজী, শাহ আলম শরীফ, সোনিয়া বেগম, রাকিব, ঝন্টু, আরিফ ও বেল্লালসহ অন্তত ১১ জন আহত হন। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জহিরুল মৃধা, মাহতাব গাজী ও সোনিয়া বেগমের অবস্থার অবনতি দেখে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

জহিরুল মৃধা অভিযোগ করে বলেন, শালিস বৈঠক শেষে বাড়ি ফেরার পথে খলিল মৃধার লোকজন আমার লোকদের আটকিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। দুইজনের অবস্থা খুবই খারাপ।

 

তিনি আরও বলেন, ঘটনার পর সোনিয়া বেগমকে মাথায় আঘাত করে আহত করা হয়েছে।

 

অন্যদিকে খলিল মৃধা বলেন, জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটেছে। এতে আমার পক্ষের পাঁচজন আহত হয়েছে।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুনা বিনতে হক বলেন, জহিরুল মৃধা ও মাহতাব গাজীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৪২ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ