মঙ্গলবার ● ২ জুন ২০২৬
নেছারাবাদে মায়ের ক্লান্তির ঘুমই কাল হলো শিশু রাইসার
হোম » পিরোজপুর » নেছারাবাদে মায়ের ক্লান্তির ঘুমই কাল হলো শিশু রাইসার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মায়ের অগোচরে ঘর থেকে বের হয়ে খালের পানিতে ডুবে রাইসা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাইসা উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি গ্রামের বাসিন্দা মো. আব্দুল কাইয়ুমের মেয়ে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অন্তঃসত্ত্বা রুমানা বেগম বাবার বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার বিকেলে শারীরিক অসুস্থতা ও ক্লান্তির কারণে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় ছোট্ট রাইসা সবার অগোচরে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি।
অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের খালে শিশুটিকে ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি খালের পানিতে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বাংলাদেশ সময়: ২১:৪৬:৪৭ ● ৫৪ বার পঠিত
