রবিবার ● ৩১ মে ২০২৬
গৌরনদীতে ট্রাফিক আইন লঙ্ঘন ও খাদ্য অনিয়মে জরিমানা আদায়
হোম » বরিশাল » গৌরনদীতে ট্রাফিক আইন লঙ্ঘন ও খাদ্য অনিয়মে জরিমানা আদায়

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে ট্রাফিক আইন লঙ্ঘন ও খাদ্য নিরাপত্তা বিধি অমান্যের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৩১ মে) বিকেল ৪টার দিকে গৌরনদী হাইওয়ে সড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিরাপদ সড়ক ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিচালিত অভিযানে অতিরিক্ত গতিতে যান চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৬টি বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় একটি রেস্টুরেন্টে ছত্রাকযুক্ত ও মেয়াদোত্তীর্ণ দই বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে পরিবহন কাউন্টারগুলোকে ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সতর্ক করা হয়। একই সময়ে পৃথক অভিযানে গৌরনদী হাইওয়ে পুলিশ সাতটি মামলায় আরও ২০ হাজার টাকা জরিমানা আদায় করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, জনস্বার্থে নিরাপদ সড়ক ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনায় গৌরনদী মডেল থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও গৌরনদী হাইওয়ে পুলিশ সহযোগিতা করে। এ সময় হাইওয়ে পুলিশ স্পিডোমিটার ব্যবহার করে যানবাহনের গতি নির্ণয়ে সহায়তা প্রদান করে।
বাংলাদেশ সময়: ২৩:০৮:০৬ ● ৩২ বার পঠিত
