রবিবার ● ৩১ মে ২০২৬

ফেসবুক স্ট্যাটাস দিয়ে দশমিনায় সাংবাদিকের আত্মহত্যা

হোম » পটুয়াখালী » ফেসবুক স্ট্যাটাস দিয়ে দশমিনায় সাংবাদিকের আত্মহত্যা
রবিবার ● ৩১ মে ২০২৬


ফেসবুক স্ট্যাটাস দিয়ে দশমিনায় সাংবাদিকের আত্মহত্যাসাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো. রাকিব হোসাইনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তার মৃত্যুতে এলাকায় ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত্যুর আগে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন দীর্ঘ স্ট্যাটাস দেন, যেখানে ব্যক্তিগত জীবনের হতাশা, পারিবারিক অবহেলা, মানসিক ক্লান্তি ও জীবনের সংগ্রামের কথা তুলে ধরেন।

স্ট্যাটাসে তিনি লেখেন-

‘আসসালামু আলাইকুম। একটা মানুষ জীবনে কত যুদ্ধ করতে পারে, যুদ্ধ করতে করতে আজ আমি ক্লান্ত। আপনজন বলে যাদের ভেবেছিলাম তারা আমাকে বুঝতে পারেনি। দুনিয়ার মায়া কেউ এক দিনে ছাড়ে না। আমার মৃত্যুর পর আমাকে যেন মায়ের পাশে দাফন করা হয়। জীবনে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। সবাই আমাকে ক্ষমা করে দিবেন।’

 

তিনি আরও উল্লেখ করেন, জীবনের বিভিন্ন ব্যক্তিগত হিসাব-নিকাশ ও কয়েকজনের প্রতি শেষ ইচ্ছা ও অনুরোধ।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত ভোরে রাকিব বিষাক্ত ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) সেবন করেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীর্ঘদিনের মানসিক চাপ ও বিষণ্নতার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

পুলিশ সূত্রে আরও জানা যায়, প্রায় ২০ বছর আগে নিহতের মা আত্মহত্যা করেছিলেন- এ বিষয়টিও তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত ছাড়াই রোববার সকাল ১০টায় দশমিনা উপজেলায় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং পরে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:২৬ ● ৪২ বার পঠিত