কুয়াকাটা সৈকতে ঈদের চতুর্থ দিনে হাজারো পর্যটকের ভিড় ও উচ্ছ্বাস

হোম » পর্যটন » কুয়াকাটা সৈকতে ঈদের চতুর্থ দিনে হাজারো পর্যটকের ভিড় ও উচ্ছ্বাস
রবিবার ● ৩১ মে ২০২৬


 

কুয়াকাটা সৈকতে ঈদের চতুর্থ দিনে হাজারো পর্যটকের ভিড় ও উচ্ছ্বাস

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) থেকে

 

ঈদের চতুর্থ দিনে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের ঢল নেমেছে। সমুদ্র তটে আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে নোনা জলে মেতে উঠেছেন পর্যটকরা। কেউ বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড় করছেন, কেউ প্রিয়জনের হাত ধরে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, আবার কেউ বালুচরে খেলায় মেতে উঠে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। সৈকতের বেঞ্চে বসে অনেকে সূর্যাস্ত ও সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন। সব মিলিয়ে পুরো কুয়াকাটা সৈকতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

 

সরকারি ছুটির শেষ দিনে গত কয়েকদিনের তুলনায় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের ভিড়ে কুয়াকাটার হোটেল-মোটেলগুলোর প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ কক্ষ ইতোমধ্যে বুকিং সম্পন্ন হয়েছে। ব্যবসা-বাণিজ্যেও দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

 

সৈকতের ঝিনুক ব্যবসায়ী মো. সগির বলেন, রোজার ঈদের পর আজই সবচেয়ে বেশি পর্যটক পেয়েছি। এভাবে পর্যটক আসতে থাকলে আমাদের দীর্ঘদিনের লোকসান কাটিয়ে ব্যবসা ঘুরে দাঁড়াবে।

 

হোটেল সাউথ বিচের স্বত্বাধিকারী মো. সোহেল আহম্মেদ বলেন, গত কয়েকদিন তেমন পর্যটক ছিল না। আজকের তুলনায় গতকালের চেয়ে অনেক বেশি পর্যটক এসেছে। বর্তমানে আমাদের হোটেলের প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং রয়েছে।

 

ঢাকা থেকে আসা পর্যটক মো. জুবায়ের বলেন, গতকাল কুয়াকাটায় এসেছি। আজ প্রচুর পর্যটক। পদ্মা সেতু চালুর পর থেকেই কুয়াকাটায় পর্যটক বাড়ছে। এখন ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সিক্সলেন সড়ক খুবই জরুরি, তাহলে পর্যটক আরও বাড়বে এবং সবাই উপকৃত হবে।

 

নারায়ণগঞ্জ থেকে আসা পর্যটক দম্পতি মো. কামরুল বলেন, আমরা ঈদের সময়ও এখানে এসেছিলাম। সবকিছু মোটামুটি ভালো, তবে পর্যটন স্পটগুলোর যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন।

 

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ বলেন, গতকালের তুলনায় আজ পর্যটক অনেক বেড়েছে। অধিকাংশ হোটেলেরই ৭০ থেকে ৮০ শতাংশ কক্ষ বুকিং রয়েছে। আমরা পর্যটকদের সেবায় সর্বদা নিয়োজিত আছি।

 

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তায় সৈকতের জিরো পয়েন্টের বক্সে সার্বক্ষণিক একটি টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি বিভিন্ন পর্যটন স্পটে টহল টিম মোতায়েন রয়েছে। আশা করছি, পর্যটকরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবেন।

 

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসিন সাদেক বলেন, গত দুই দিনের তুলনায় আজ পর্যটকের আগমন অনেক বেশি। কুয়াকাটার উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটা পৌর প্রশাসন, থানা পুলিশ, টুরিস্ট পুলিশসহ উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৪০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ