রবিবার ● ৩১ মে ২০২৬

নলছিটিতে শিক্ষককে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ

হোম » ঝালকাঠী » নলছিটিতে শিক্ষককে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ
রবিবার ● ৩১ মে ২০২৬


 

নলছিটিতে শিক্ষককে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি) 

ঝালকাঠির নলছিটিতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত শিক্ষকের ছেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা ও ছৈলাবুনিয়া জেড এ ভূট্টো বালিকা দাখিল মাদরাসার শিক্ষক আব্দুল লতিফ সিকদার (৪৬) রোববার (৩১ মে) সকাল ৭টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন।

 

লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী ইউনুস হাওলাদার, হাসিনা বেগম, ছাইদুল হাওলাদার ও সুমাইয়া আক্তারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করেন। একপর্যায়ে ইউনুস হাওলাদার ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্যরা লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

এ সময় আহত শিক্ষকের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও একটি হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

 

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে বলে জানানো হয়। পরে স্বজনরা আহত শিক্ষককে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

আহতের ছেলে মো. রুহুল আমিন সিকদার অভিযোগে দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে তাদের পরিবারকে দীর্ঘদিন ধরে হুমকি-ধমকি দিয়ে আসছিল অভিযুক্তরা।

 

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ‌রিফুল আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:০২:৪২ ● ২৭ বার পঠিত