
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় একই দিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার এবং একই এলাকার এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার সকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ (৪০) এবং একই এলাকার কালু মিয়ার ছেলে সাগর (৩০)। সাগর এক সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে আব্দুর রশিদকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে রোববার ভোরে নেহালিয়া মাদ্রাসাসংলগ্ন মক্তবখানা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি কাদামাখা অবস্থায় পড়ে ছিল।
একই দিন সকালে সাগরের বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুটি ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এদিকে, একই এলাকার মৃত আব্দুস সত্তার প্যাদার ছেলে ইউসুফ প্যাদা (৪২) শনিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
পরপর দুই হত্যাকাণ্ড ও একজনের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী বলেন, পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর গায়ে কাদা ছিল। ঘটনাগুলোর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে নিখোঁজ ইউসুফ প্যাদার সন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।