কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, তিন কিশোর আটক

হোম » লিড নিউজ » কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, তিন কিশোর আটক
রবিবার ● ৩১ মে ২০২৬


 

কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, তিন কিশোর আটক

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

নিহত তাজুল ইসলাম উপজেলার মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। তিনি চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলা ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাজুল ইসলামের সঙ্গে একই এলাকার কয়েকজন কিশোরের বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতের কোনো এক সময় রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) ধারালো অস্ত্র নিয়ে তাজুলের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ বরগুনা জেলার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধ, আধিপত্য বিস্তার বা ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩৭:৪৬ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ