দুমকিতে কথিত ‘হানিট্রাপ’ চক্রের সদস্য গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » দুমকিতে কথিত ‘হানিট্রাপ’ চক্রের সদস্য গ্রেপ্তার
শনিবার ● ৩০ মে ২০২৬


দুমকিতে প্রতারণা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলার ওয়ারেন্টভুক্ত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে তিনি কথিত ‘হানিট্রাপ’ চক্রের সদস্য হিসেবে পরিচিত বলে দাবি করা হচ্ছে। শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মোছা. রাকিবা ওরফে সাদিয়া (২৪) দুমকি উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আবু জাফরের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, দুমকি থানার সিআর-১৫/২৬ নম্বর মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৪০৬, ৪২০, ৩৮৪ ও ৫০৬(২) ধারায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানার ভিত্তিতে এসআই সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, রাকিবা পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রগুলোর ভাষ্য, তিনি পটুয়াখালী অঞ্চলে সক্রিয় একটি কথিত ‘হানিট্রাপ’ চক্রের সদস্য। তবে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪০:৩৫ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ