শুক্রবার ● ২৯ মে ২০২৬
বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে পুকুরে ফেলে হত্যা, গ্রেপ্তার ১
হোম » লিড নিউজ » বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে পুকুরে ফেলে হত্যা, গ্রেপ্তার ১
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাইনুদ্দিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ মে) শেষ বিকেলে ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোটপাতা এলাকায় হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত মাইনুদ্দিনের বাবা নেছারউল্লাহ ও একই এলাকার ফয়জুল্লাহ গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের উপক্রম হয় বলে জানান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার দিন বিকেলে পূর্বপরিকল্পিতভাবে একদল লোক ধারালো অস্ত্র নিয়ে মাইনুদ্দিনের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে একটি পুকুরে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টহল জোরদার করে।
এ ঘটনায় শুক্রবার রাতেই অভিযান চালিয়ে ছোটপাতা গ্রামের বজলুর রহমান (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রাথমিক তদন্তে জমি বিরোধের বিষয়টি উঠে এসেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।
নিহতের বাবা নেছারউল্লাহ অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ আমাদের হুমকি দিয়ে আসছিল। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের একটি অংশ দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৪:২৬ ● ২২ বার পঠিত
