
সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)
পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু ঘিরে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম নমিতা রানী (৮০)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজ ঘরে খাটে ঘুমিয়ে ছিলেন নমিতা রানী। পরে স্বামী রাধে শ্যাম বাজার থেকে ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে খাটের কাছে গিয়ে কাঁথা সরালে তিনি দেখতে পান, নমিতা রানী নিথর অবস্থায় পড়ে আছেন।
পরিবারের দাবি, এ সময় তার শরীরের পাশে হাতের শাঁখা ভাঙা অবস্থায় পড়ে ছিল এবং গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
নিহতের পরিবারের অভিযোগ, তার পুত্রবধূ বন্যা রানীর সঙ্গে স্থানীয় বিএনপি কর্মী কামাল পঞ্চায়েতের দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিল। এ সম্পর্কের বিরোধিতা করায় পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে দাবি করেন তারা। এ ঘটনায় পুত্রবধূ বন্যা রানী, কামাল পঞ্চায়েত ও পুত্রবধূর মামা তাপস দেবনাথকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকে কামাল পঞ্চায়েত পলাতক রয়েছে।
অন্যদিকে, পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনরোষ এড়াতে দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, ঘটনার পর দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।