শুক্রবার ● ২৯ মে ২০২৬
সড়ক দুর্ঘটনায় নাজিরপুর উপজেলায় একই পরিবারের ৩ জনের মৃত্যু
হোম » পিরোজপুর » সড়ক দুর্ঘটনায় নাজিরপুর উপজেলায় একই পরিবারের ৩ জনের মৃত্যু![]()
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পবিত্র ঈদুল আজহার আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকাবহ ঘটনায়। ঈদ উদযাপন করতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-গোপালগঞ্জ হাইওয়েতে একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের তালুকদার বাড়ির সোহাগ, তার স্ত্রী খাদিজা বেগম এবং তাদের আট বছর বয়সী ছেলে আরমান রয়েছেন। পরিবারের আরেক সন্তান ১৩ বছর বয়সী রহমতুল্লাহ বেঁচে থাকলেও পুরো পরিবার হারিয়ে তিনি শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।
স্বজনদের বরাতে জানা যায়, ঈদ উদযাপনের উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের পাগলা এলাকার আলীগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সোহাগ। তিনি দীর্ঘদিন ধরে সেখানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে মুহূর্তেই রাস্তায় ছড়িয়ে পড়ে হতাহতের ঘটনা।
নিহতদের বড় ছেলে রহমতুল্লাহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঈদের দিন বাবা-মা ও ছোট ভাইকে হারিয়েছি, এখন আমরা একেবারে নিঃস্ব।
কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানাত ডালিম বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। নিহতরা আমার প্রতিবেশী ছিলেন। আমরা পরিবারটির পাশে আছি এবং থাকব।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি গোপালগঞ্জ সদর থানার আওতাধীন এলাকায় ঘটায় সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
এএ/এমআর
বাংলাদেশ সময়: ২০:০৯:১৭ ● ৩৩ বার পঠিত
