শুক্রবার ● ২৯ মে ২০২৬

দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত

হোম » পটুয়াখালী » দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
শুক্রবার ● ২৯ মে ২০২৬


দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পাংগাশিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি পটুয়াখালীতে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদুল আযহার ছুটিতে নিজ এলাকায় এসে ব্যক্তিগত ভ্রমণে বের হন শামীমুজ্জামান ফিরোজ। একপর্যায়ে তিনি ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে পাংগাশিয়া এলাকায় ঘুরছিলেন। অটোরিকশাটি পাংগাশিয়া ব্রিজের ঢাল দিয়ে নামার সময় হঠাৎ ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি উল্টে গেলে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও প্রশাসনের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দুমকি উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৫:০২ ● ৩৬ বার পঠিত