
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
ঈদুল আজহার ছুটিকে ঘিরে ধীরে ধীরে মুখর হয়ে উঠছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। প্রতি বছর ঈদের দিন বিকেল থেকেই পর্যটকের ঢল নামলেও এবার শুরুতে সেই চিত্র দেখা যায়নি। তবে শুক্রবার সকাল থেকে সৈকতজুড়ে বাড়তে শুরু করেছে পর্যটকের উপস্থিতি।
শুক্রবার সকালে কুয়াকাটার জিরো পয়েন্ট ঘুরে দেখা যায়, আগত পর্যটকরা সমুদ্রের ছোট-বড় ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন। কেউ পরিবার-পরিজনের হাত ধরে সৈকতের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ঘুরে বেড়াচ্ছেন, আবার কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য। শিশুদের বালু খেলায়ও ছিল উৎসবমুখর পরিবেশ।
শুধু জিরো পয়েন্ট নয়, তিন নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবন, শুটকি পল্লী ও গঙ্গামতি সৈকতসহ বিভিন্ন পর্যটন স্পটেও বাড়তে শুরু করেছে দর্শনার্থীর সংখ্যা। সংশ্লিষ্টরা বলছেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকের চাপ আরও বাড়বে।
ঝিনাইদাহ থেকে আসা পর্যটক সোনিয়া-শফিকুল দম্পতি বলেন, আজ সকালে ঈদের ছুটি কাটাতে কুয়াকাটায় এসেছি। দুই বছর আগেও এখানে এসেছিলাম। তখন অনেক বেশি ভিড় ছিল। এবার মানুষ কিছুটা কম হলেও পরিবেশ দারুণ লাগছে। সমুদ্রের বড় বড় ঢেউ আর গর্জন আমাদের খুব আকৃষ্ট করেছে।
খুলনা থেকে আসা পর্যটক সোহেল আহসান বলেন, বন্ধুরা মিলে কুয়াকাটায় এসেছি। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাঁতার কেটে অন্যরকম অনুভূতি হয়েছে। বড় বড় ঢেউ মন কাড়ছে। ইচ্ছা করছে আরও কয়েকদিন থেকে যাই, কিন্তু সময় স্বল্পতায় আগামীকাল ফিরতে হবে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ বলেন, গত বছরের তুলনায় এবার এখন পর্যন্ত পর্যটক কম দেখা যাচ্ছে। তবে আমাদের হোটেলগুলোর প্রায় ৫০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। আজ থেকে পর্যটক আসা শুরু করেছে। আশা করছি সামনে ভালো সাড়া পাওয়া যাবে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান। তিনি বলেন, জিরো পয়েন্টে সার্বক্ষণিক পুলিশ টিম দায়িত্ব পালন করছে। এছাড়া বিভিন্ন পর্যটন স্পটে টহল জোরদার করা হয়েছে, যাতে পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ উপভোগ করতে পারেন।
কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, পৌর প্রশাসন, মহিপুর থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও উপজেলা প্রশাসন সমন্বিতভাবে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে।