কলাপাড়ায় মাদকসেবীর হামলা-ভাঙচুরের অভিযোগে বিক্ষোভ

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় মাদকসেবীর হামলা-ভাঙচুরের অভিযোগে বিক্ষোভ
বুধবার ● ২৭ মে ২০২৬


 

কলাপাড়ায় মাদকসেবীর হামলা-ভাঙচুরের অভিযোগে বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নে মাদকসেবী মেনাজ তালুকদারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় গ্রামবাসী। দীর্ঘদিন ধরে হামলা, মারধর, বসতবাড়ি ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বুধবার (২৭ মে) বিকেল ৪টায় উপজেলার তুলাতলী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারসহ এলাকার নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন তুলাতলী গ্রামের মো. হারুন, জসিম খলিফা, নিজাম খলিফা, লাভলী বেগম ও নুরজাহান বেগম। বক্তারা অভিযোগ করেন, মেনাজ তালুকদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। তার অপকর্মের প্রতিবাদ করলে হামলা, মারধর ও ঘরবাড়ি ভাঙচুর চালানো হয়। একাধিকবার পুলিশে অভিযোগ দেওয়ার পরও তিনি ছাড়া পেয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলেও দাবি করেন তারা।

নুরজাহান বেগম অভিযোগ করে বলেন, গত ১৩ মে থেকে তার মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, মেনাজ তালুকদার তার মেয়েকে কোথাও আটকে রেখেছে। বিষয়টি ধামাচাপা দিতে তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গভীর রাতে মাদকাসক্ত অবস্থায় বাড়ির আশপাশে এসে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। গত ১৩ মে রাতে তার মেয়ে ও এসএসসি পরীক্ষার্থী নাতিকে মারধর করা হয়। এ সময় দা দিয়ে ডান হাত ও পায়ে কোপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মেনাজ তালুকদারের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:২৫:৪০ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ