কলাপাড়ায় বিএনপি নেতার স্লিপে ভিজিএফ চাল বিতরণ, সমালোচনার ঝড়

হোম » লিড নিউজ » কলাপাড়ায় বিএনপি নেতার স্লিপে ভিজিএফ চাল বিতরণ, সমালোচনার ঝড়
বুধবার ● ২৭ মে ২০২৬


 

কলাপাড়ায় বিএনপি নেতার স্লিপে ভিজিএফ চাল বিতরণ, সমালোচনার ঝড়

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে সরকারের বিশেষ ভিজিএফের চাল বিতরণে পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতির সিল ও স্বাক্ষরযুক্ত স্লিপ ব্যবহারের ঘটনা ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

 

গত দুই দিন ধরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে নানা ধরনের মন্তব্য দেখা গেছে। অনেকে এটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করছেন। কেউ কেউ বলছেন, প্রভাব খাটিয়ে দরিদ্রদের চালে ভাগ বসানোর পায়তারা। আবার এমন ঘটনাকে দীর্ঘদিন ধরেই ঘটে আসছে বলেও মন্তব্য করছেন অনেকে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে দোকানপাট ও চায়ের আড্ডাতেও চলছে আলোচনা-সমালোচনা। ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রমে রাজনৈতিক প্রভাব বিস্তারের কথাও বলছেন অনেকে। একইসঙ্গে দলের কিছু সমর্থকও বিষয়টি সমালোচনামূলকভাবে দেখছেন।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন হাওলাদার। তিনি দাবি করেন, দরিদ্রদের চাল সঠিকভাবে বিতরণে ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করতেই তিনি এই স্লিপ ব্যবহার করেছেন। তার ভাষ্য অনুযায়ী, এটি সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের চাল, যা ইউনিয়ন পরিষদের গোডাউনে সংরক্ষিত ছিল।

 

তিনি আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রবের মাধ্যমেই এসব স্লিপ বিতরণ করার কথা ছিল। বিতরণ কমিটির সদস্য হিসেবে তিনি প্রায় ৩০০টি স্লিপ প্রদান করেছেন বলেও স্বীকার করেন। তার দাবি, মূল উদ্দেশ্য ছিল বিতরণ কার্যক্রমে নজরদারি নিশ্চিত করা। তবে আইনগতভাবে এটি সঠিক হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি আরও বলেন, মাননীয় সংসদ সদস্যের বরাদ্দকৃত চাল বিতরণ কাজের জন্য এই স্লিপ ব্যবহার করেছি।

 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্যাদা বলেন, মাননীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের চাল দরিদ্রদের মাঝে তালিকা করে সভাপতির সই-সিল দেওয়া স্লিপের মাধ্যমে বিতরণ করা হয়েছে। সরকারের ঈদ ভিজিএফ কর্মসূচির চালের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম সাগরকন্যাকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার দুর্যোগ ব্যবস্থাপনা শাখার নির্দেশনা অনুযায়ী প্রতি বছরের মতো এবারও ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার জন্য মোট ২৭ হাজার ৮৬৩টি পরিবার এই বরাদ্দের আওতায় রয়েছে। এর মধ্যে টিয়াখালী ইউনিয়নে ১ হাজার ৩৬৫ জন উপকারভোগীর জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা ইতোমধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে।

 

তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ভিটাবাড়ি ছাড়া জমি নেই, দিনমজুর, নারী শ্রমিক, ভিক্ষাবৃত্তিতে জীবিকা নির্বাহকারী এবং উপার্জনক্ষম পুরুষ সদস্যবিহীন পরিবারকে এই সহায়তা দেওয়া হয়।

 

এছাড়া তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ হিসেবে কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়নের জন্য ৪০ টন চাল দেওয়া হয়েছে, যা চার হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৫:২৬ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ