মঙ্গলবার ● ২৬ মে ২০২৬
রাতের আঁধারে খাল খনন; আমতলীতে হরিলুটের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ
হোম » লিড নিউজ » রাতের আঁধারে খাল খনন; আমতলীতে হরিলুটের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা খাল খনন প্রকল্পে অনিয়ম, গাছ কাটা ও রাতের আঁধারে কাজ চালানোর অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, কুকুয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. কায়েসুর রহমান ফকু ঠিকাদার হিসেবে দায়িত্ব পাওয়া ২০ লাখ টাকার ওই খাল খনন কাজে ব্যাপক অনিয়ম করছেন। উপজেলা প্রকৌশল অধিদপ্তর গত এপ্রিল মাসে ২ হাজার ৫০০ মিটার দৈর্ঘ্যের কালিপুরা খাল খননের জন্য দরপত্র আহ্বান করে এবং কাজটি তার অনুকূলে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মে থেকে খাল খনন শুরু হলেও শুরু থেকেই নিয়ম না মেনে কাজ চলছে। সেচ দিয়ে খাল খননের কথা থাকলেও তা না করে ভরা খালেই খনন করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। পাশাপাশি ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে খালের দুই পাড়ের হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, গত তিন দিন ধরে রাতের আঁধারে খনন কাজ পরিচালনা করা হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুল জব্বার, নাদিম আহমেদ, রাসেল ও খলিল অভিযোগ করে বলেন, খাল খননের নামে কোটি টাকার গাছ কেটে ফেলা হয়েছে এবং কৃষকের কোনো উপকার হবে না। তারা দ্রুত অনিয়ম বন্ধের দাবি জানান।
এক নারী বাসিন্দা মুনসুরা বলেন, আমার কয়েকটি গাছ মেশিন দিয়ে কেটে ফেলছে, রাতের বেলা ভরা খাল কাটে- এ ধরনের কাজ আগে দেখিনি।
ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল আউয়াল ও তাসলিমা বেগম বলেন, খাল খননের নামে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে ঠিকাদার মো. কায়েসুর রহমান ফকু বলেন, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্ল্যান অনুযায়ী কাজ করছি। রাতের আঁধারে খাল খননের অভিযোগ সঠিক নয়।
তবে তিনি ভেকু মেশিন দিয়ে কাজের সময় কিছু গাছ কেটে ফেলার কথা স্বীকার করেন।
এ বিষয়ে আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী জানান, সেচ ছাড়া ও অনিয়মের খবর পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই খাল আর খনন করা হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, বিষয়টি জানার পর উপজেলা প্রকৌশলীকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৪৬:৩৫ ● ১৬১ বার পঠিত
