
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন-এর মধ্যলোন্দা গ্রামে প্রায় ৯ থেকে ১০টি পরিবার এখনো বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত রয়েছে। স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব পরিবারের ঘরে এখনো বিদ্যুতের আলো পৌঁছায়নি। ফলে তীব্র গরম ও নানা দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন তারা।
ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে রয়েছেন মোস্তফা মৃধা, শাহিন মৃধা, জাহিদুল মৃধা, সেকেন্দার মৃধা, আসলাম হাওলাদার, রফিক হাওলাদার, নাছের মৃধা, স্বপন মৃধা ও শিপন মৃধা। প্রত্যেকেরই নিজস্ব বসতঘর থাকলেও এখনো তারা বিদ্যুৎ সংযোগ পাননি।
সোমবার সরেজমিনে দেখা যায়, বিদ্যুৎ সংযোগের দাবিতে ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগীরা একত্রিত হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা অভিযোগ করেন, সংযোগ দেওয়ার আশ্বাস দিয়ে একটি দালাল চক্র তাদের কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো কোনো সংযোগ দেওয়া হয়নি।
ভুক্তভোগীরা জানান, বিদ্যুৎ না থাকায় শিশুদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মোবাইল চার্জ, ফ্যান চালানোসহ দৈনন্দিন কাজেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বিশেষ করে প্রচণ্ড গরমে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম আব্দুর রহমান সাগরকন্যাকে বলেন, বিদ্যুৎ না পৌঁছানো পরিবারগুলো আমাদের কাছে পৃথক পৃথক লিখিত আবেদন করলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যাপারে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।