সোমবার ● ২৫ মে ২০২৬
গলাচিপার চরকাজল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল
হোম » লিড নিউজ » গলাচিপার চরকাজল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, পরিষদের সিদ্ধান্ত অমান্য, ইউপি সদস্যদের মতামত উপেক্ষা এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগ এনে ১২ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন।
রবিবার (২৪ মে) দুপুরে ইউপি সদস্যরা স্বশরীরে উপস্থিত হয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অনাস্থা প্রস্তাব জমা দেন। পরে একই দিন বিকেলে আবেদনটির অনুলিপি জেলা প্রশাসক, পটুয়াখালী; স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, পটুয়াখালী; গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়েও প্রেরণ করা হয়।
অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন সদস্যরা হলেন- মো. মিজানুর রহমান, মো. রিকোজ আহম্মেদ, মো. মনিরুল ইসলাম, মো. আমিনুর রহমান, মো. শফিকুল ইসলাম, মো. মনির হোসেন, মো. শিহাব হাওলাদার, মো. ভুট্টু বেপারী, মো. দুলাল খান, সংরক্ষিত সদস্য মোসা. নাজমা বেগম, মোসা. শাহনাজ বেগম ও মোসা. তাছলিমা আক্তার।
আবেদনে তারা উল্লেখ করেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৮, ৩৯ ও ৪৩ অনুযায়ী চেয়ারম্যান ও সদস্যদের যৌথভাবে পরিষদ পরিচালনা, সভার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার বাধ্যবাধকতা রয়েছে। তবে বর্তমান চেয়ারম্যান দীর্ঘদিন ধরে সদস্যদের মতামত উপেক্ষা করে এককভাবে কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ করা হয়।
তারা আরও অভিযোগ করেন, চেয়ারম্যান নিয়মিতভাবে পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থ হচ্ছেন এবং ইউনিয়ন পরিষদ (কার্যাবলি) বিধিমালা অনুযায়ী সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করা হলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না। এতে স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বিঘ্নিত হচ্ছে এবং সদস্যদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, লিখিত আবেদনটি পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৪:১০:৫৯ ● ২৯ বার পঠিত
