রবিবার ● ২৪ মে ২০২৬
ঈদে ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি
হোম » খুলনা » ঈদে ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে ঈদের দিন ছাড়া বেনাপোল কাস্টমস হাউজ সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করবে।
রোববার (২৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে আগামী সোমবার (২৫ মে) থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত ভারত-বাংলাদেশের মধ্যে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি, কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১ জুন সকাল থেকে পুনরায় স্বাভাবিক হবে পণ্য আমদানি-রপ্তানি ও খালাস কার্যক্রম।
রোববার বিকেল থেকেই দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যাবে। এ সময় কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন। যদিও কাস্টমস হাউজ সীমিত আকারে খোলা থাকবে, তবুও অধিকাংশ আমদানিকারক ছুটিতে থাকায় পণ্য খালাস কার্যক্রম প্রায় বন্ধ থাকবে বলে জানা গেছে।
বন্দর সূত্রে আরও জানা যায়, সরকারি ছুটির পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক আলোচনার ভিত্তিতে এ সময়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঈদুল আজহার ছুটিতে (ঈদের দিন ছাড়া) সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখার নির্দেশনা দিয়েছে। তবে বাস্তবে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা।
তারা জানান, ঈদের আগে ও পরে কয়েকদিন পণ্য পরিবহন বন্ধ থাকায় ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব পড়তে পারে। এছাড়া একটানা ৭ দিন বন্ধের কারণে বেনাপোল বন্দরে পণ্যজট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বন্দর ব্যবহারকারী সূত্রে জানা গেছে, দেশের ১২টি স্থলবন্দরের মধ্যে সবচেয়ে বড় এবং সর্বোচ্চ রাজস্ব আদায়কারী বেনাপোল বন্দর। স্থলপথে আমদানিকৃত পণ্যের প্রায় ৯০ শতাংশই আসে এ বন্দর দিয়ে। প্রতিদিন ভারত থেকে প্রায় ৪০০ থেকে ৪৫০টি ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোলে প্রবেশ করে। প্রতিবছর এ বন্দর থেকে সরকারের প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন বলেন, ঈদের ছুটিতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা সার্বক্ষণিক টহল দেবেন। পাশাপাশি বেনাপোল পোর্ট থানাকেও বিষয়টি অবহিত করা হয়েছে। কোনো আমদানিকারক চাইলে ছুটির মধ্যেও পণ্য খালাস নিতে পারবেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ঈদের ছুটিতে বন্দর এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ঈদের সময় যাত্রীচাপ বাড়তে পারে বিবেচনায় অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
ডিকেডি/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৪৩:০২ ● ২০ বার পঠিত
