শনিবার ● ২৩ মে ২০২৬
নাজিরপুরে অবৈধ বেকারিতে অভিযান, ৫ হাজার টাকা জরিমানা
হোম » পিরোজপুর » নাজিরপুরে অবৈধ বেকারিতে অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি অবৈধ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানাসহ বিপুল খাদ্যপণ্য জব্দ ও বিনষ্ট করা হয়েছে।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তৌহিদ বেকারি দীর্ঘদিন ধরে বিএসটিআই অনুমোদন, স্যানিটারি লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। পাশাপাশি অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে বেকারির ভেতরে থাকা বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করা হয় এবং তা বিনষ্ট করা হয়। এছাড়া বাকি মালামাল স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেকারির ভেতরে মেঝেতে ময়লা-আবর্জনা, ব্যবহৃত তেল ও খাদ্য তৈরির সরঞ্জাম এলোমেলোভাবে পড়ে ছিল। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খোলা পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২৩:৫২:০৭ ● ১০৯ বার পঠিত
