শনিবার ● ২৩ মে ২০২৬

কলাপাড়ায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও বিক্রি; মালিকের এক বছরের কারাদণ্ড

হোম » লিড নিউজ » কলাপাড়ায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও বিক্রি; মালিকের এক বছরের কারাদণ্ড
শনিবার ● ২৩ মে ২০২৬


 

কলাপাড়ায় ভেজাল শিশু খাদ্য তৈরির দায়ে কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

ভেজাল শিশুখাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় মোকসেদুল মুসুল্লি (৩০) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার দিবাগত রাত নয়টার দিকে মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড কার্যকর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।

জানা গেছে, কলাপাড়া পৌরসভার চিংগুরিয়া এলাকায় মোর্তুজার কালভার্ট সংলগ্ন একটি ঘরে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে সাত ধরনের ভেজাল শিশুখাদ্য উৎপাদন ও বিক্রি করে আসছিলেন দণ্ডিত ব্যক্তি।

নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৯ ও ৫৮ ধারায় তাকে এ দণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অভিযানকালে বিভিন্ন ধরনের রং, কেমিক্যাল, তেঁতুল, দুধসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। অভিযুক্তের কাছ থেকে কোনো বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি।

দণ্ডিত ব্যক্তির বাড়ি মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামে। তার বাবার নাম আলী আহম্মেদ মুসুল্লি।

অভিযান পরিচালনাকালে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, স্যানিটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক মৃণাল চন্দ্র দেবনাথ, কলাপাড়া থানা পুলিশের সদস্যরা এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:৫৮ ● ৩৩ বার পঠিত