শনিবার ● ২৩ মে ২০২৬
আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদকে দাপট, তিন ক্যাটাগরিতে শীর্ষ সাফল্য
হোম » শিক্ষা » আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদকে দাপট, তিন ক্যাটাগরিতে শীর্ষ সাফল্য

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বরিশাল জেলায় মোট ১২টি ক্যাটাগরির মধ্যে তিনটিতে আগৈলঝাড়া উপজেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এর মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর এবং শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে আগৈলঝাড়া উপজেলার নাম উঠে এসেছে।
বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত যাচাই-বাছাই কমিটির সভায় এ ফলাফল ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদ হোসেন খান। শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর (ইউপিইটিসি) নির্বাচিত হয়েছেন বিপুল চন্দ্র মজুমদার। অন্যদিকে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগৈলঝাড়া উপজেলা সদর।
রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদ হোসেন খান জানান, তিনি ২০০৫ সালে সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়ে পিতাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। তিনি আইসিটি ফর ডি ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর, বিষয়ভিত্তিক ইংরেজি (টিএমটিই) প্রশিক্ষক, বাংলা প্রশিক্ষক এবং মাইক্রোসফট ইনোভেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি খেলাধুলা ও আবৃত্তিতেও তার দক্ষতা রয়েছে।
আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ধারাবাহিকভাবে টানা তিনবার বরিশাল জেলায় শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। এর আগে তিনবার জেলায় শ্রেষ্ঠ ও একবার বিভাগে শ্রেষ্ঠ হওয়ার গৌরবও অর্জন করে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ১৯:৪২:৩১ ● ২৮ বার পঠিত
