শনিবার ● ২৩ মে ২০২৬
রামিসা হত্যার বিচারের দাবিতে গলাচিপায় মানববন্ধন
হোম » পটুয়াখালী » রামিসা হত্যার বিচারের দাবিতে গলাচিপায় মানববন্ধন
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
দেশজুড়ে আলোচিত শিশু শিক্ষার্থী রামিসা হত্যার বিচার এবং নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় গলাচিপা সরকারি কলেজ মাঠের পশ্চিম পাশে গলাচিপা দারুল কুরআন নুরানী মাদরাসার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের গলাচিপা উপজেলা প্রতিনিধি মাওলানা মো. মাহমুদুল হাসান ও গলাচিপা উপজেলা ইমাম পরিষদের দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। নারী ও শিশুদের ওপর সহিংসতা ও হত্যার ঘটনা বাড়তে থাকায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত, অপরাধীদের দ্রুত বিচার এবং সমাজে মানবিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় শিক্ষার্থী উম্মে তাইয়েবা প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি পাঠ করেন। চিঠিতে রামিসা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৫:১৬:২৩ ● ৩৯ বার পঠিত
