কলাপাড়ায় খাস জমিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার অভিযোগ

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় খাস জমিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার অভিযোগ
বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬


কলাপাড়ায় সরকারি খাস জমিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক,কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর  কলাপাড়া পৌর শহরের চিংগুড়িয়া এলাকায় খেপুপাড়া মৌজায় সরকারি খাস জমিতে চলাচলের রাস্তা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ১৮টি পরিবারের সদস্যরা।

অভিযোগে উল্লেখ করা হয়, খেপুপাড়া মৌজার জে.এল নং-০৬ এর বি.এস খতিয়ান নং ১/১ এবং দাগ নং ৪০২৭ এর জমি সরকারি খাস জমি হিসেবে রেকর্ডভুক্ত। দীর্ঘদিন ধরে ওই জমিটি স্থানীয় ১৮টি পরিবারের চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

আবেদনকারীরা জানান, নিজস্ব অর্থায়নে মূল সড়কের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ৪০ ফুট দীর্ঘ ও ৬ ফুট প্রশস্ত একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেন তারা। এ লক্ষ্যে ২০২৩ সালের ৩০ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করা হলে বিষয়টি তদন্তের জন্য স্থানীয় তহসিলদারের কাছে পাঠানো হয়। পরে তহসিলদার রাস্তা নির্মাণ করা যেতে পারে মর্মে প্রতিবেদন দাখিল করেন এবং রাস্তার সীমানাও নির্ধারণ করে দেন।
তবে বর্তমানে রাস্তা নির্মাণের কাজ শুরু করতে গেলে একটি পক্ষ জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা করে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন আবেদনকারীরা।

অভিযোগে আরও বলা হয়, এর আগে ২০২৩ সালের ২৮ মার্চ জেলা প্রশাসকের কাছেও একই বিষয়ে আবেদন করা হয়েছিল। পরে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) উক্ত খাস জমিতে লাল নিশান টানিয়ে সরকারি সীমানা চিহ্নিত করেন। কিন্তু এলাকার একটি চক্র তা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগীরা ইউএনওর সরেজমিন হস্তক্ষেপ কামনা করে দ্রুত রাস্তা নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, সরকারি খাস জমিতে জনসাধারণের চলাচলের রাস্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। অভিযোগটি খতিয়ে দেখা হবে এবং ভুক্তভোগী পরিবারগুলোর যাতায়াতের ব্যবস্থা না থাকলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেই রাস্তা নির্মাণে সহযোগিতা করা হবে।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:০০:২২ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ