
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও ছয় জেলেকে অপহরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপকূলীয় মৎস্যজীবীদের মধ্যে। বৃহস্পতিবার ভোররাতে শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকার নদীতে মাছ ধরার সময় অস্ত্রের মুখে তাদের তুলে নেয় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২১ মে) ভোররাতে শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকার নদীতে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় নৌকা ও ট্রলারে হামলা চালিয়ে ছয়জনকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা। অপহৃতদের মধ্যে রয়েছেন-উত্তর রাজাপুর গ্রামের হাফিজুল (২৪), ফাইজুর (২০), বেল্লাল মীর (৩৫), ছলেমান (৪০), পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের হাসিব (২১) এবং একজন অজ্ঞাত জেলে।
এর আগে মঙ্গলবার রাতে একই বাহিনীর সদস্যরা সুন্দরবনের ফুসফুসেরচর এলাকা থেকে ১২ জেলেকে অপহরণ করে। ফলে ২৪ ঘণ্টার ব্যবধানে মোট ১৮ জন জেলে জিম্মি হওয়ার তথ্য পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় মৎস্য ব্যবসায়ী জানান, শরণখোলা রেঞ্জের ছাপড়াখালীসহ আশপাশের এলাকায় দস্যুরা নিয়মিতভাবে নৌযান লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং জেলেদের জিম্মি করে মুক্তিপণ দাবি করছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগ-এর শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বুধবার দিবাগত রাতের ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন এবং বিষয়টি যাচাই করা হচ্ছে।
তবে স্থানীয় জেলেদের অভিযোগ, দস্যুদের কারণে সুন্দরবনে মাছ ধরা ও মধু আহরণ কার্যক্রম মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে অনেকেই জীবিকা নির্বাহের জন্য বনাঞ্চলে যাওয়া কমিয়ে দিয়েছেন।
এ বিষয়ে শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক বলেন, এখন পর্যন্ত অপহরণের বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমই/এমআর