বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬
বরগুনায় অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় কিশোরীকে হত্যাচেষ্টার অভিযোগ
হোম » বরগুনা » বরগুনায় অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় কিশোরীকে হত্যাচেষ্টার অভিযোগ
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় প্রেমিক যুগলের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় এক কিশোরীকে হত্যাচেষ্টার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, ঘটনাটির পর কিশোরী বর্তমানে বাকশক্তি হারিয়ে ফেলেছে।
বৃহস্পতিবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. ওসমান গণি মামলাটি গ্রহণ করেন। একই সঙ্গে পিবিআই’র ভারপ্রাপ্ত কর্মকর্তা পটুয়াখালীকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলার হোগলপাশা আশ্রয়ন কেন্দ্রের আল আমিনের ছেলে মেহেদী (২৫) এবং তার প্রেমিকা মরিয়ম আক্তারকে (২০)।
মামলার অভিযোগে বলা হয়, আসামি মেহেদী ও মরিয়ম আক্তারের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, যা ভুক্তভোগী কিশোরী আগে থেকে জানতেন না। আত্মীয়তার সূত্রে মরিয়মের বাড়িতে মেহেদীর নিয়মিত যাতায়াত ছিল।
চলতি মাসের ১৮ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগী কিশোরী মরিয়মের ঘরে প্রবেশ করলে তিনি তাদের অনৈতিক কর্মকাণ্ড প্রত্যক্ষ করেন। এ সময় তিনি চিৎকার করলে মেহেদী তাকে ধর্ষণের চেষ্টা চালায় এবং মরিয়ম তাকে ধরে রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়। মরিয়ম এ সময় মেহেদীকে উদ্দেশ্য করে তাকে নষ্ট করে দাও, যাতে সে কিছু বলতে না পারে-এমন কথা বলেন বলেও মামলায় দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মেহেদী ওই কিশোরীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে ঘটনাস্থলে একজন ব্যক্তি উপস্থিত হলে অভিযুক্তরা পালিয়ে যায়।
ভুক্তভোগী কিশোরীর মা বলেন, হামলার পর থেকে তার মেয়ে কথা বলতে পারছে না। চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রধান আসামি মেহেদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ২০:২৩:২৫ ● ৬০ বার পঠিত
