বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬
কাউখালীতে ১৬ মণের ‘জমিদার’ দাম হাঁকাচ্ছে ৫ লাখ টাকা
হোম » পিরোজপুর » কাউখালীতে ১৬ মণের ‘জমিদার’ দাম হাঁকাচ্ছে ৫ লাখ টাকা ![]()
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
কাউখালী উপজেলার চিরাপাড়া এলাকার খামারি রফিকুল ইসলামের খামারে লালিত ১৬.১৩ মণ ওজনের বিশাল আকৃতির একটি ষাঁড় ‘জমিদার’ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজকীয় গড়ন ও ব্যতিক্রমী দেহবিন্যাসের কারণে গরুটিকে স্থানীয়ভাবে উপজেলার সবচেয়ে বড় ষাঁড় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সাদা-কালো রঙের এই ষাঁড়টির আনুমানিক ওজন প্রায় ৬৫০ কেজির বেশি, যা ১৬ মণের কিছুটা উপরে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দ্রুতই হাটে তোলার প্রস্তুতি থাকলেও খামারি রফিকুল ইসলাম বাড়ি থেকেই গরুটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতিদিনই ‘জমিদার’কে দেখতে খামারে ভিড় করছেন স্থানীয় ও আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।
খামারি রফিকুল ইসলাম জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘাস, খৈল, ভুট্টার গুঁড়া ও চিটাগুড় খাইয়ে ধীরে ধীরে বড় করা হয়েছে গরুটিকে। কোনো ধরনের কৃত্রিম মোটাতাজাকরণ করা হয়নি বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, অতিরিক্ত কৃত্রিম খাবার দিলে ওজন আরও বাড়ানো যেত, তবে এতে শরীরে চর্বি বেড়ে গিয়ে পশুর স্বাভাবিক স্বাস্থ্যহানি ঘটত। তাই পরিমিত ও প্রাকৃতিক খাদ্যেই গরুটিকে লালন-পালন করা হয়েছে।
আরও জানান, প্রায় আড়াই বছর আগে তার খামারের একটি গাভীর গর্ভে খামারেই জন্ম নেয় এই ষাঁড়টি। তখন থেকেই সন্তানের মতো করে লালন-পালন করছেন তিনি। খামারে ২৪ ঘণ্টা ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে; বিদ্যুৎ না থাকলে হাতপাখা দিয়ে বাতাস করার ব্যবস্থাও রাখা হয়।
বৃহৎ আকৃতির কারণে হাটে নেওয়া কষ্টকর হওয়ায় তিনি বাড়ি থেকেই বিক্রির ইচ্ছা প্রকাশ করেছেন। তার ভাষ্য, খুব বেশি লাভের আশা নেই-সুলভ মূল্যে ৫ লাখ টাকা দাম চাওয়া হয়েছে। ইতোমধ্যে ক্রেতারা সর্বোচ্চ ৪ লাখ ৫ হাজার টাকা পর্যন্ত দাম বলেছেন।
পিরোজপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কাউখালী উপজেলায় ছোট-বড় মিলিয়ে ৭২৪টি খামার রয়েছে। এসব খামারে কোরবানির জন্য পর্যাপ্ত গরু, ছাগল ও ভেড়া প্রস্তুত করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার জানান, উপজেলার অনেক খামারি প্রাকৃতিক উপায়ে পশু লালন-পালন করছেন। প্রাণিসম্পদ বিভাগ নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছে।
তিনি আরও বলেন, চিরাপাড়া গ্রামের রফিকুল ইসলামের খামারের ‘জমিদার’ গরুটি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসা ও পরিচর্যায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, গরুটি বিক্রি করে খামারি ন্যায্যমূল্য পাবেন
আরএইচআর
বাংলাদেশ সময়: ১৫:১৫:৩৬ ● ৩৫ বার পঠিত
