বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬
শের-ই-বাংলা নৌঘাঁটিতে ৪৪১ নবীন নাবিকের কুচকাওয়াজ
হোম » পটুয়াখালী » শের-ই-বাংলা নৌঘাঁটিতে ৪৪১ নবীন নাবিকের কুচকাওয়াজ

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৬ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে ৪৪১ জন নবীন নাবিক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলো।
সকাল ৮টায় অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পদক বিতরণ করেন।
নৌবাহিনীর ২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. শাহরিয়ার সুকুল পেশাগত ও সামগ্রিক বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এছাড়া মো. সামিউল ইসলাম শাকিল ‘কমডোর পদক’ এবং মো. কাদের মিয়া ‘শের-ই-বাংলা পদক’ অর্জন করেন। সেরা চৌকশ মহিলা নাবিক হিসেবে মোছা. মারিয়া আক্তার ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ লাভ করেন।
প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের স্মরণ করেন। তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সম্প্রতি নৌবহরে নতুন হেলিকপ্টার, আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি), মাল্টি মিশন ইন্টারসেপ্টর বোট ও পেট্রোল বোট যুক্ত করা হয়েছে। পাশাপাশি আধুনিক ডাটা সেন্টার, বিএননেট, হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ এবং অ্যান্টি-ড্রোন সিস্টেম সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডগুলো নিজস্ব সক্ষমতায় যুদ্ধজাহাজ, এলসিইউ ও অন্যান্য সহায়ক প্ল্যাটফর্ম নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে নৌবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের সততা, শৃঙ্খলা, আনুগত্য ও মূল্যবোধ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪:৪৪:৫৬ ● ৩০ বার পঠিত
