বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর প্রধানসহ ৭ দস্যুর আত্মসমর্পণ
হোম » খুলনা » সুন্দরবনে ছোট সুমন বাহিনীর প্রধানসহ ৭ দস্যুর আত্মসমর্পণ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে সুন্দরবনভিত্তিক কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র প্রধান সুমন হাওলাদারসহ সাতজন বনদস্যু অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে আত্মসমর্পণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।
আত্মসমর্পণকারীরা হলেন সুমন হাওলাদার (৩২), রবিউল মল্লিক (২৫), রফিক শেখ (২৯), সিদ্দিক হাওলাদার (৪০), গোলাম মল্লিক (৩৮), ইসমাইল খান (৩১) (মোংলা, বাগেরহাট) এবং মাহফুজ মল্লিক (৩৪) (রামপাল, বাগেরহাট)।
এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি দেশীয় পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
দীর্ঘদিন ধরে তারা সুন্দরবন অঞ্চলে জেলে–বাওয়ালি ও মৌয়ালিদের জিম্মি করে ডাকাতি এবং মুক্তিপণ আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আত্মসমর্পণকারী সুমন হাওলাদার বলেন, এর আগে একবার আত্মসমর্পণ করেছিলাম। পরে রাজনৈতিক পট পরিবর্তনের পর নির্যাতনের শিকার হয়ে আবারও দস্যুতায় জড়িয়ে পড়ি। এখন প্রশাসনের আশ্বাসে আবার আত্মসমর্পণ করেছি। নিরাপত্তা নিশ্চিত করা হলে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, নিয়মিত অভিযানের ফলে দস্যুদের কার্যক্রম ব্যাহত হওয়ায় তারা আত্মসমর্পণে বাধ্য হচ্ছে।
তিনি জানান, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করা হবে, তবে আইনগত প্রক্রিয়া চলবে।
কোস্ট গার্ড আরও জানায়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে চলমান অভিযানে এখন পর্যন্ত ২৬টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও কার্তুজ উদ্ধার এবং ২১ জন বনদস্যুকে আটক করা হয়েছে। একই সময়ে ২০ জন জিম্মিকে জীবিত উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৪০:৫৮ ● ২৫ বার পঠিত
