বুধবার ● ২০ মে ২০২৬

গৌরনদীতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

হোম » বরিশাল » গৌরনদীতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বুধবার ● ২০ মে ২০২৬


গৌরনদীতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলা-এ জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স কর্মসূচির আওতাধীন ‘শিখা প্রকল্প’-এর উদ্যোগে বুধবার (২০ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা, যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধসহ জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও তথ্য উপস্থাপন করা হয়।

সভায় অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ব্র্যাকের ‘শিখা প্রকল্প’-এর সহায়তায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ ও বুলিং কমাতে রিপোর্টিং ও রেসপন্ডিং ব্যবস্থা আরও কার্যকর করতে হবে। পাশাপাশি নিরাপদ ও সহিংসতামুক্ত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শিখা প্রকল্পের প্রতিনিধিরা শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে শিক্ষার্থীদের চলাচলের ঝুঁকি চিহ্নিত করে ‘ঝুঁকি ম্যাপ’ তৈরি এবং যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করেন। তারা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।

এছাড়া ব্র্যাক বরিশাল জেলার টেকনিক্যাল ম্যানেজার মো. তৌহিদুর রহমান, শিখা প্রকল্পের প্রজেক্ট অফিসার অনিক বিশ্বাস এবং কমিউনিটি ভলান্টিয়ারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল অংশীজনকে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৩:২৪ ● ২৭ বার পঠিত