বুধবার ● ২০ মে ২০২৬

চরফ্যাশনে যুবদল নেতার বিরুদ্ধে জামায়াত কর্মীদের নির্যাতনের অভিযোগ

হোম » ভোলা » চরফ্যাশনে যুবদল নেতার বিরুদ্ধে জামায়াত কর্মীদের নির্যাতনের অভিযোগ
বুধবার ● ২০ মে ২০২৬


চরফ্যাশনে যুবদল নেতার বিরুদ্ধে জামায়াত কর্মীদের নির্যাতনের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে ইউনিয়ন যুবদলের সাবেক সংগঠনিক সম্পাদক শাহিন দালাল ও তার সহযোগীদের বিরুদ্ধে দুই জামায়াত কর্মীকে আটক রেখে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আসলামপুর ইউনিয়নের আবুগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় জামায়াত কর্মী জলিলকে একটি দোকানের পেছনে ডেকে নিয়ে আটকে রেখে হাত-পা বেঁধে লাঠি ও পাইপ দিয়ে বেধড়ক মারধর করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আসলামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাওলানা মাহবুবকেও মারধর করে রক্তাক্ত করা হয় বলে দাবি করা হয়েছে।

পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিকিৎসাধীন জামায়াত কর্মী জলিল অভিযোগ করে বলেন, এশার নামাজ শেষে আবুগঞ্জ বাজারের একটি দোকানে চা পান করে বের হওয়ার পর শাহিন তাকে কথা আছে বলে দোকানের পেছনে ডেকে নেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই তার সহযোগীরা লাঠি দিয়ে মারধর শুরু করে। তিনি বলেন, তাকে বাঁচাতে এগিয়ে গেলে মাওলানা মাহবুবকেও আঘাত করা হয়। পরে তাকে বিএনপির একটি অফিসে নিয়ে পুনরায় হাত-পা বেঁধে নির্যাতন ও অর্থ-ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

স্থানীয়দের দাবি, ৫ আগস্টের পর থেকে ওই এলাকায় শাহিন দালাল ও তার সহযোগীদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ রয়েছে। এলাকায় আতঙ্কের পরিবেশ থাকায় অনেকে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না বলেও জানান তারা।

অভিযোগের বিষয়ে শাহিন দালাল বলেন, তিনি এলাকায় সালিস-দরবার করেন এবং কোনো অপকর্মে জড়িত নন। তার নেতৃত্বে কোনো “বাহিনী” রয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সামনে ইউনিয়ন নির্বাচন থাকায় কর্মীদের নিয়ে চলতে হয়।

চরফ্যাশন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খলিলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের জরুরি টিম ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:২২:০২ ● ৩০ বার পঠিত