মঙ্গলবার ● ১৯ মে ২০২৬

চরফ্যাশনের পিআইও ওয়ালিউল ইসলাম জেল হাজতে

হোম » ভোলা » চরফ্যাশনের পিআইও ওয়ালিউল ইসলাম জেল হাজতে
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


 

চরফ্যাসনের পিআইও ওয়ালিউল ইসলাম জেল হাজতে

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওয়ালিউল ইসলাম জেল হাজতে রয়েছেন। বরগুনা সদর উপজেলায় দায়িত্ব পালনকালীন সরকারি প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় হাজিরা দিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

দুদক সূত্রে জানা গেছে, মো. ওয়ালিউল ইসলামের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে চার্জশিট দাখিল করেছে। গত বছরের ৮ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী থেকে বরগুনার সিনিয়র স্পেশাল জজ আদালতে (চার্জশিট নং–০৩) এ চার্জশিট দাখিল করা হয়।

 

মামলার নথি অনুযায়ী, ২০২০–২০২১ অর্থবছরে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো সংস্কার (মাটির কাজ) প্রকল্পে অনিয়মের ঘটনা ঘটে। ওই প্রকল্পের আওতায় কোটবাড়িয়া গ্রামের গণি মৃধার বাড়ি থেকে শামীম মৃধার বাড়ি পর্যন্ত এবং তুলসিবাড়িয়া গ্রামের শামসু খানের বাড়ি থেকে মালেক খানের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্রকল্প প্রাক্কলনে জালিয়াতির মাধ্যমে পূর্বের নকশা পরিবর্তন করে নতুন প্রাক্কলন তৈরি করা হয় এবং সরেজমিন তদন্তে প্রায় ৯৬৭ দশমিক ২৪২ ঘনমিটার মাটির কাজ কম পাওয়া যায়।

 প্রকৃত কাজ না করেই অতিরিক্ত বিল উত্তোলনের মাধ্যমে মোট ১ লাখ ২১ হাজার ৯৭ টাকা ৭৩ পয়সা সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 এ ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৪৭৭(ক) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:০০ ● ২৪ বার পঠিত