মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
বরগুনায় ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হোম » বরগুনা » বরগুনায় ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত![]()
সাগরকন্যা প্রতিবেদক,বরগুনা
বরগুনায় ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় বরগুনা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্ল্যান বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে আভাস।
জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্ল্যান বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন দুর্বার, রেড ক্রিসেন্টসহ বরগুনার বিভিন্ন সংগঠনের প্রায় ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ডিজিটাল গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পাশাপাশি বিষয় ভিত্তিক আলোচনায় সক্রিয় ভাবে অংশ নেন তারা।
আয়োজনে অংশগ্রহণকারীদের মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য শনাক্ত করণ, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল রাইটস এবং প্রযুক্তি নির্ভর জেন্ডার ভিত্তিক অনলাইন সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
এছাড়া ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং তথ্য যাচাইয়ের ব্যবহারিক বিভিন্ন কৌশল সম্পর্কেও দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল মাধ্যম মানুষের মত প্রকাশের পরিসরকে ব্যাপক ভাবে সম্প্রসারিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এখন মতামত প্রকাশ, তথ্য আদান-প্রদান এবং জনমত গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। তবে এই সুযোগের পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং সাইবার নিরাপত্তাজনিত নানা ঝুঁকিও তৈরি হয়েছে।
স্বাধীনতা প্রকল্পের ফোকাল পারসন প্রদীপ দাস বলেন, মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার হলেও তা দায়িত্বশীল ভাবে চর্চা করা প্রয়োজন। ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, অন্যের অধিকার ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অনলাইন হয়রানি ও প্রযুক্তি নির্ভর সহিংসতা প্রতিরোধে ব্যক্তি ও সমাজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৮:৩১:১০ ● ৩৩ বার পঠিত
