মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
কলাপাড়ায় পাউবোর জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় পাউবোর জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় প্রকাশ্যে দিবালোকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ধানখালী ইউনিয়নের তাপবিদ্যুৎ প্রকল্পের প্রথম গেটসংলগ্ন এলাকায় মূল বেড়িবাঁধের পাশে এ নির্মাণকাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের ৫৪ পোল্ডারের আওতাধীন জমিতে প্রভাবশালী ব্যক্তিরা স্থাপনা নির্মাণ করলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছেন।
সরেজমিনে দেখা যায়, সড়কসংলগ্ন পাউবোর জমিতে কংক্রিটের পিলার স্থাপন করে বহুতল ভবন নির্মাণ করছেন স্থানীয় বাসিন্দা মো. বেল্লাল হাওলাদার। ভবনের পিলারগুলো মাটির গভীর থেকে কংক্রিট ঢালাই করে তোলা হচ্ছে। কয়েকটি পিলার জোয়ার-ভাটার পানিপ্রবাহের মধ্যেই স্থাপন করা হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, সরকারি জমিতে এভাবে বহুতল ভবন নির্মাণের সুযোগ দেওয়া হলে ভবিষ্যতে দখলের প্রবণতা আরও বাড়বে। একই সঙ্গে মাসুয়াখালী মূল বেড়িবাঁধসংলগ্ন এলাকায় সরকারি জমি দখলের প্রতিযোগিতা শুরু হতে পারে বলেও তারা মনে করছেন।
স্থানীয়দের অভিযোগ, ইতোমধ্যে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই এলাকায় স্থাপনা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট বেল্লাল হাওলাদারের বাবা মো. শাহীন হাওলাদার বলেন, ‘এই স্থাপনা যদি কেউ ভাঙতে আসে, তাহলে এখানের সব ভাঙতে হবে। এত সহজ না এগুলো ভাঙা। লাখ লাখ টাকা খরচ করে দালান করা হচ্ছে, ভাঙবে কিভাবে?’
তিনি আরও বলেন, ‘আপনারা সাংবাদিকেরা বসেন, কথা বলি। আমার ছেলে আসলে আপনাদের সঙ্গে বসিয়ে দেব।’
অভিযুক্ত বেল্লাল হাওলাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার তথ্য নিয়ে আপনি কী করবেন? আপনার সঙ্গে কথা বলবে, আমার লোক আছে।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. শাহ-আলম বলেন, ‘ওখানে রাজস্ব সার্ভেয়ার রিয়াজ গিয়েছিল। বর্তমান পরিস্থিতি আমার জানা নেই। নিয়ম অনুযায়ী মামলা দেওয়ার পর উচ্ছেদের চিঠি দেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৬:০৮:৩৮ ● ১৯ বার পঠিত
